
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ২০২৬ বিশ্বকাপ আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে ২১ কোটি টাকা অতিরিক্ত আয় এবং সেই তথ্য প্রকাশ না করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের (আইআরএস) নথি ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইআরএসে জমা দেওয়া ফর্ম ৯৯০-এর আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ পরিচালনার জন্য গঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এফডব্লিউসি-২০২৬ থেকে ২০২৪ সালে ১৭ লাখ ২০ হাজার ডলার পেয়েছেন ইনফান্তিনো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২১ কোটি টাকা।
একই বছরে ফিফা থেকে বেতন ও অন্যান্য ভাতা বাবদ তিনি পেয়েছেন ৪২ লাখ ৭৪ হাজার সুইস ফ্রাঁ, যা প্রায় ৪৮ লাখ ৬০ হাজার ডলারের সমান। দুই উৎস মিলিয়ে ২০২৪ সালে তাঁর মোট আয় দাঁড়ায় প্রায় ৬৫ লাখ ৮০ হাজার ডলার বা ৮০ কোটি টাকা।
ফিফার গঠনতন্ত্রের ৪৩ নম্বর অনুচ্ছেদের ১৩ নম্বর ধারা অনুযায়ী, সভাপতি, কাউন্সিল সদস্য ও মহাসচিবের পারিশ্রমিক নির্ধারণ করবে সংশ্লিষ্ট উপকমিটি এবং তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। এই বিধানের আলোকে বিশ্বকাপ আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া অর্থ প্রকাশ না করার অভিযোগে প্রশ্ন উঠেছে।
ফিফার পরিচালনাবিষয়ক কমিটির সাবেক চেয়ারম্যান মিগেল মাদুরো দ্য টাইমসকে বলেন, ফিফার সঙ্গে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত অর্থ নিয়ে তা প্রকাশ না করা হলে সেটি নিয়মের স্পষ্ট লঙ্ঘন হতে পারে। তাঁর মতে, ফিফার গঠনতন্ত্রে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছে ফিফা। ইএসপিএনকে দেওয়া এক বার্তায় সংস্থাটির মুখপাত্র দাবি করেন, ফিফা তথ্য প্রকাশের সব শর্ত কঠোরভাবে মেনে চলে এবং গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন।
ইনফান্তিনোকে ঘিরে এর আগেও বিতর্ক হয়েছে। চলতি বছরের শুরুতে ২০২৬ বিশ্বকাপের ২০ শতাংশ মালিকানা বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়ে উয়েফা, কনক্যাকাফ ও এএফসির বিরোধিতার মুখে পড়েন তিনি। প্রস্তাবিত ‘ফুটবল ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস’-এর নেতৃত্বে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনার।
এ ছাড়া বিশ্বকাপে বসনিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়া যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের শাস্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েও বিতর্ক হয়। অভিযোগ রয়েছে, ট্রাম্পের ফোন পাওয়ার পর ইনফান্তিনো শাস্তি শিথিলের ব্যবস্থা করেন, যাতে বালোগুন বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারেন।
বিশ্বকাপ আয়োজন ও আর্থিক স্বচ্ছতা নিয়ে সমালোচনার মধ্যে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কাউন্সিলের পরবর্তী গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।